বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফিরলে বিএনপির নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে।
রোববার (৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।”
তিনি আরও বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছাচ্ছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশে বলছি—দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”
বিএনপির এই নেতা বলেন, “অতিশিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন বিএনপির নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ হয়ে যাবে। প্রচারণাই নির্বাচনের মূল বিষয়, তারেক রহমানের দেশে ফেরা হবে একটি অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা।”