চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে অন্তর্বর্তীকালীন সরকার এক সরকারি বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবির বিষয়ে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে।
প্রধান উপদেষ্টা বলেন,“অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে গত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে দেশের অর্থনীতি যে ক্ষতির মুখে পড়েছে, তা থেকে পুনরুদ্ধার শুরু হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির মতো সামর্থ্য অর্জন সম্ভব হয়নি। বাস্তবতা বিবেচনা করেই এই ধাপে ধাপে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারের উদ্দেশ্য হলো শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, তবে অর্থনৈতিক স্থিতিশীলতার ভারসাম্যও বজায় রাখা জরুরি।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তাদের নিরলস প্রচেষ্টার জন্য।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন, আন্দোলনরত শিক্ষকরা এখন নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের অমূল্য ভূমিকা রাখবেন।”