দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর রহমত কামনা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা এগিয়ে যাবে।
ইফতার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন প্রধানমন্ত্রী। এতে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হয়েছে এবং বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই সুযোগ কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।