রমজানের পবিত্রতা বজায় রাখতে সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “আসুন, মাহে রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।” তিনি সিয়াম সাধনার পাশাপাশি বেশি করে কোরআন তেলাওয়াত ও ইবাদতে মনোনিবেশ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “সিয়াম সাধনার মাস মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান উপদেষ্টা তার বাণীতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “আল্লাহ আমাদের জাতীয় জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। এ মাস আমাদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক। মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন ও হেফাজত করুন, আমিন।”