“শ্রমিক-মালিক একতাবদ্ধ হয়ে গড়বে উন্নত দেশ”—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে পালিত হলো মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস।
চাঁদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়েছে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ব সভ্যতার মূল কারিগর শ্রমিকরা। শ্রমিক সংগঠনগুলোকে শুধু আয়োজনেই সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের অধিকার, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনা অনিবার্য হলেও প্রতিরোধ সম্ভব। প্রত্যেক শ্রমিকের জীবন বীমা থাকা উচিত। শ্রমিকদের সুরক্ষা ও সুবিধা বৃদ্ধিতে সংগঠনগুলোর সাথে নিয়মিত আলোচনা করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, শহর জামায়াত আমির অ্যাড. মো. শাহজাহান খান, জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মেহেদী হাসান এবং মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।
এছাড়া বক্তব্য দেন শ্রমিক নেতৃবৃন্দ—হারুনুর রশিদ, নজরুল ইসলাম বাদল, শাহ-আলম, হাবিবুর রহমান ভূঁইয়া এবং রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।