জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ থেকে মুজিববাদের ষড়যন্ত্র ভেঙে দিতে হবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “এক জুলাই পার হয়ে আমরা আরেক জুলাইয়ে এসেছি, কিন্তু মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। গোপালগঞ্জে তারা এখনও আস্তানা গড়ে রেখেছে। শুধু আইনিভাবে নয়, দেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতির মেরুদণ্ড ভেঙে দিতে হবে মুজিববাদের।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মুজিববাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে ভারতপন্থি মুজিববাদী শক্তি আবার সক্রিয় হচ্ছে, যা বরদাস্ত করা হবে না।”
সারজিস বলেন, “হাজারের অধিক ছাত্রজনতা শহিদ হয়েছেন, তবে গত ৫ আগস্ট দেখানো স্বপ্ন এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের দাবি, সুশীল সরকারের ভূমিকায় নয়, বরং অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকা পালন করতে হবে।”
তিনি দেশ ও সরকারের প্রতি জানান, “খুনি হাসিনার বিচার করতে হবে। বিচার বিভাগ কোনো দলের নয়, এবং আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতার তোষামোদী হবে না। নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন আনা প্রয়োজন। নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে।”
সারজিস আলম বলেন, “ফ্যাসিস্টবিরোধী শক্তির ঐক্য জরুরি, তবে ঐক্যবদ্ধ থাকলেও অন্ধভাবে কারো দালালি করা যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে তার সৌন্দর্য নষ্ট হতে দেওয়া চলবে না। তবেই বাংলাদেশ উন্নতি করবে।”
তিনি আরও বলেন, “এই সংগ্রামে সবাই একসঙ্গে থাকুন এবং দেশের মুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যান।”