রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান দুর্ঘটনায় আত্মত্যাগকারী দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব শিগগিরই এই সম্মাননা প্রদানের পদ্ধতি ও রূপ নির্ধারণ করা হবে।
বৈঠকের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সরকার নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এছাড়া, আগামীকাল দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের জন্য বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা বাস্তবায়নে দায়িত্বে থাকবে ধর্ম মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
এ ঘটনায় নিহত ছয়জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পরিবারগুলিকে ডিএনএ নমুনা প্রদানের মাধ্যমে শনাক্তকরণে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।