সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের সহিংসতা এখন অনেক কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, ধীরে ধীরে দেশে মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে ঢাকার ধামরাইয়ে উপমহাদেশের প্রাচীনতম ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এ জন্য নানা সংস্কার কার্যক্রমও চলছে।
রথযাত্রা উদ্বোধনের পর রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়া হয়। আগামী ৫ জুলাই উল্টোরথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে ঐতিহ্যবাহী মেলা প্রায় এক মাস ধরে চলবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।