ঢাকার জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, ভিসা জমা ও প্রক্রিয়াকরণে নিজ উদ্যোগে আবেদন করা সবচেয়ে নিরাপদ। বুধবার (১৯ নভেম্বর) জার্মান দূতাবাস এক সতর্কবার্তায় এই পরামর্শ দেয়।
দূতাবাস জানিয়েছে, তারা কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সঙ্গে যুক্ত নয়। যদিও এজেন্ট ব্যবহার করা বৈধ, তবে এর প্রয়োজন নেই। ভিসা প্রত্যাশীরা নিজে সরাসরি আবেদন করতে পারবেন।
ভিসা সংক্রান্ত সঠিক ও আপ-টু-ডেট তথ্য পাওয়ার জন্য দূতাবাস অফিসিয়াল ওয়েবসাইট অথবা অনুমোদিত পরিষেবা সরবরাহকারী ভিএফএস গ্লোবাল এর ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
দূতাবাস আরও সতর্ক করেছে, উচ্চ ফির বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্টের প্রতিশ্রুতি দেওয়া কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। জাল বা প্রতারণামূলক নথি জমা দিলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং তথ্য রেকর্ড করা হবে।