প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেছেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের সংশ্লিষ্টতা থাকতে পারে। সেনা সূত্রের বরাতে এ তথ্য পেয়েছেন বলেও জানান তিনি। এ কারণে তিনি চান, সোহেল তাজ আপাতত দেশের বাইরে যেতে না পারেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ঘটে এক ভয়াবহ হত্যাকাণ্ড। তবে সে সময় সোহেল তাজ আমেরিকায় অবস্থান করছিলেন।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এর আগেও মন্তব্য করেছেন সোহেল তাজ। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখান থেকে পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে ধমকের সুরে বলেছিলেন, “আমেরিকায় বসে তুমি বেশি বোঝো না। আমি দেখছি।”
বিডিআর বিদ্রোহের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার গুঞ্জনকে “দুঃখজনক ও ভিত্তিহীন” বলে মন্তব্য করেছেন সোহেল তাজ। তিনি বলেন, “কিছু মহল আমাকে বিদ্রোহের সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে। এটা একেবারেই মিথ্যা অভিযোগ।”
তিনি আরও বলেন, “মন্ত্রী থাকাকালীন আমি কিছু বুঝতাম না, কিছু টের পেতাম না। দায়িত্ব ছাড়ার পরও জানার কোনো সুযোগ ছিল না।”
এর আগে, গত ১৫ আগস্ট এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছিলেন, “সত্য বলার সময় এসেছে। সত্যই সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের আত্মসম্মান ও মর্যাদাই তার সবচেয়ে বড় সম্বল, আর সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ও ঢাল।”