বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে রাজনৈতিক, কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি দুই দলের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নিয়মিত সংলাপ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।