বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-কে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আইজিপিকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনরত মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। পূর্বে তিনি চাকরি থেকে অপসারিত হলেও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ায় পুনরায় চাকরিতে ফিরে আসেন। পরবর্তীতে তিনি সুপারনিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।