মাঠপর্যায়ের পুলিশের কাছে আধুনিক রাইফেলের মতো কার্যকর অস্ত্র থাকবে, তবে ভারি মারণাস্ত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিশেষায়িত বাহিনী, যেমন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো ইউনিটের কাছে প্রয়োজন অনুযায়ী ভারি অস্ত্র থাকবে বলেও জানান তিনি।
শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে অবস্থিত এপিবিএনের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরবর্তীতে তিনি র্যাব-১ কার্যালয়েও পরিদর্শনে যান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবস্থাপনায় নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। পুলিশ সদস্যদের হাতে কার্যকর ও প্রতিরক্ষামূলক আধুনিক রাইফেল থাকবে। তবে সাধারণ সদস্যদের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না।”
তিনি আরও বলেন, “এপিবিএন বা র্যাবের মতো বিশেষায়িত ইউনিটের হাতে নির্দিষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ভারি অস্ত্র থাকবে, যাতে তারা ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনায় দক্ষতা দেখাতে পারে।”
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগে সংবেদনশীলতা বজায় রাখার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপ্রয়োজনীয় বলপ্রয়োগ যেন না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। মানবাধিকার রক্ষাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ ও সহিংসতা দমন এবং নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। জনগণের সহায়তায় আমরা ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।”
দেশের নগরজীবনে যানজটের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী একটি দেশে মোট এলাকার ২০ শতাংশ রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে তা ৭ শতাংশও নেই। সেই সঙ্গে দিন দিন গাড়ির সংখ্যাও বাড়ছে। ফলে যানজট অনিবার্য হয়ে দাঁড়ায়। তবুও সরকার তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
সাম্প্রতিক ঈদুল আজহার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “দু-একটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপরাধ ঘটেনি। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক দিক।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা ও শক্তিশালী নিরাপত্তা কাঠামোর মাধ্যমে নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।”