বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংক-এ নয়, বিভিন্ন প্রতিষ্ঠানেই আনা হচ্ছে এবং এটি নতুন সরকারের কর্মসূচি বাস্তবায়নের স্বাভাবিক প্রক্রিয়া।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, অগ্রাধিকার ও নীতিগত ভাবনা রয়েছে। সেগুলো বাস্তবায়নের প্রয়োজনেই যেখানে দরকার, সেখানে পরিবর্তন আনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এর আগে সরকার ড. আহসান এইচ মনসুর-কে অব্যাহতি দিয়ে মো. মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী অন্যান্য সকল প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, একই আদেশের বিধান অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশের (পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রায় দেড় বছরের মাথায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।