নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডের বিধান রয়েছে।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করা হয়। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে হিসেবে ১৫ মার্চ শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ব্যয়ের হিসাব আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, বিজয়ী, পরাজিত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত—সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যই ব্যয়ের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কোনো ব্যয় না হলেও নির্ধারিত ফরমে ‘শূন্য’ উল্লেখ করে তা জমা দিতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে দোষী প্রার্থীর সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।