স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার শুভেচ্ছা বার্তায় উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সকালে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। বার্তায়, ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।” তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য এই পরিবর্তনকাল গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় এক সুযোগ এনে দিয়েছে।
ট্রাম্প আরও যোগ করেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসন্ন বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী এবং আমাদের সম্পর্ক জোরদার করার পাশাপাশি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন সম্পর্কিত কাজ করার বিষয়ে আত্মবিশ্বাসী।”
শেষে, তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও এর জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। এর আগে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।