বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। শুক্রবার (৩০ মে) সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “বিএনপি নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন। আমরা বলিনি।” তিনি আরও উল্লেখ করেন, “জুন মাসে নির্বাচনের কথা যদি বলেন, তাহলে এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না। নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”
বিএনপি নেতা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “খুব দুঃখের সঙ্গে বলি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না। দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে?”
তিনি আরও বলেন, “তিনি (ড. ইউনূস) বললেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না—সে হলেন ড. ইউনূস। উনি নির্বাচন চায় না।”
মির্জা আব্বাসের এসব বক্তব্য বিএনপির নির্ধারিত নির্বাচনকাল, রাজনৈতিক অবস্থান এবং বিদেশে দেশের ভাবমূর্তি নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। (তথ্যসূত্র: নিউজ২৪ ও যমুনা টেলিভিশন)