জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও।
ঈদের প্রথম জামাতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রমুখ।
ঈদের জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ, এসএসএফসহ বিভিন্ন বাহিনী মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
এছাড়াও, ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের আয়োজন করা হয়। যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে এই জামাতগুলো অনুষ্ঠিত হয়।