চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে বাবুরহাট বাজারে জেলা পরিষদের জমিতে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণের জন্য ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ভবনের আংশিক উচ্ছেদ করা হয়েছে।
গতকাল শনিবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালীন সময়ে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদের জায়গা লিজ নিয়ে ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হলেও সহযোগিতা করছেন তারা। তবে ভবন নির্মাণ হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে বলে।
তিনি আরও জানান, ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট বাণিজ্যিক এই ভবন নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে চাঁদপুর জেলা পরিষদ। তবে এই ভবন নির্মাণ কাজের জন্য সময় লাগবে দুই বছর।
এসময় অভিযানে নেতৃত্ব দেন, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান।
ঈদুল আজহার আগে এসব ব্যবসায়ীদের উচ্ছেদের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তখন অনেকেই দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন। যারা বাকি ছিল তারা এখন সরিয়ে নিয়েছে অনেকেই এবং বাকিরাও নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।