প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। ওই দিন কাহারোল উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, এটি চার বছর মেয়াদি কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হয়, যাতে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়ে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তরুণ প্রজন্ম দেশ গঠনের কাজে সরাসরি অংশ নিতে পারে।