আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি বলেন, “দলগুলো যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না। সুষ্ঠু ভোটের জন্য আইন শাসন প্রতিষ্ঠা জরুরি, যার মূল শর্ত হলো আচরণবিধি মেনে চলা।”
সিইসি সব রাজনৈতিক দলকে আহ্বান জানান, আসন্ন নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং জাতির কাছে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি তৈরি করা বড় কাজ নয়, বরং তা মেনে চলাই গুরুত্বপূর্ণ।”
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দল ও সংস্থার মতামত পর্যালোচনা করে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। সিইসি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল ও প্রার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্বশীলভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিলে, দেশের জন্য একটি সুন্দর নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, “সবাই মিলে আমরা কিভাবে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।”