আগামীকাল ২ মার্চ, দেশব্যাপী সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপিত হতে যাচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”। দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জাতীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা, উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়গুলোতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর সকাল সোয়া ৯টায় নির্বাচন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।
এছাড়া, দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ প্রকাশনা প্রকাশিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ টক শো প্রচারিত হবে।
জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও রঙিন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।