দেশের খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
একই সাথে একজন পেশাদার সাংবাদিককে সচিবালয়ের মতজায়গায় আটকে রেখে হেনস্থা করায়, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক শ্যামল সরকার ও সদস্য সচিব খোরশেদ আহমেদ এ দাবি জানান।
এতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে যেভাবে হেনস্থা ও অপদস্থ করা হয়েছে, তা নজিরবিহীন, বেআইনী, অমানবিক, ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানতারা।
একই সাথে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সকল নেতৃবৃন্দ।