বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি।
শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভাষণে প্রধানমন্ত্রী সরকারে কৃতিত্ব, কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি নির্বাচন নিয়ে বলেছেন। তবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় ঘোষণাকে তিনি সময়োপযোগী মনে করেননি।
সালাহউদ্দিন আহমেদ জানান, পঞ্চাশের বেশি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে, বিএনপিও যুক্তিসহ সেই দাবি উপস্থাপন করেছে। তার অভিযোগ, এ দাবিকে আমলে না নিয়েই এমন সময় নির্বাচন করার ইঙ্গিত দেওয়া হয়েছে, যখন পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া প্রতিকূল থাকে এবং রমজান মাসও শুরু হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি।
তিনি আরও বলেন, যদি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে তফসিল ঘোষণার পর থেকে যে ৪৫ দিনের সময় লাগে, তার বড় অংশ রমজান মাসে পড়ে, ফলে প্রচার-প্রচারণা কঠিন হয়ে দাঁড়াবে। বিষয়টিকে তিনি অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত বলেছেন।
সালাহউদ্দিন আহমেদ মনে করেন, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে তা আরও গ্রহণযোগ্য হতো। বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি।