রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে শাহবাগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে শপথ পাঠ করানো হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই ছাত্র-জনতা দলে দলে শাহবাগে আসতে শুরু করে। জুমার নামাজের পর শাহবাগ এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায় এবং পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। এ সময় শাহবাগের মঞ্চ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, শহিদ শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে জানানো হয়েছে।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।