ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর (আইসিইউ ও এইচডিইউ) ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরিফ হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট চালু রাখা হবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে।
এতে আরও বলা হয়, হাদির ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় আপাতত সেটি চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।
বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এবং তা বজায় রাখতে যথাযথভাবে ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগের রক্তক্ষরণ ও ডিআইসি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রয়োজনে রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত রাখা হবে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য চিকিৎসা টিম প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে মানবিক ও পেশাদার দায়িত্ব পালনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মেডিকেল বোর্ড।
এছাড়া রোগীর ভাই ও নিকটাত্মীয়দের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ বিষয়ে অবগত করতে পারবেন।
চিকিৎসা টিম ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে শরিফ হাদির জন্য দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড।