ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, চলতি মাসের ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে তলব করে পদত্যাগ করার নির্দেশ দেন।
গত বছর ৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের পর ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এবং নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
কিন্তু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম এবং সুবিধা গ্রহণের অভিযোগ আসে বাংলাদেশ ব্যাংকের কাছে। এর ফলে ৩ জুলাই তাকে ডাকা হয় এবং পদত্যাগের অনুরোধ করা হয়।
সূত্রে জানা গেছে, মাসুদ পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং করছিলেন। এরপর ১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে। পরদিন ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিএফআইইউ’র বিশেষ তদন্ত অভিযান পরিচালিত হয়, যেখানে গত আগস্ট থেকে মাসুদের নেওয়া বিভিন্ন সুবিধার তথ্য সংগ্রহ করা হয়।
তদন্তে জানা গেছে, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে গেছেন, কিন্তু এই সফরের বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। তিনি কেবল মৌখিকভাবে জানিয়েছেন যে একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ বিষয়ক বৈঠকে অংশ নেবেন। তবে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ধরনের বৈঠক করে এবং চেয়ারম্যানের অংশগ্রহণের কোনো বিধান নেই।
এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদ তার পদ থেকে অবসর নেন।